বিরাটের অর্ধশতরান করে অাউট, ৩ উইকেট হারিয়ে চাপে ভারত - Aaj Bikel
বিরাটের অর্ধশতরান করে অাউট, ৩ উইকেট হারিয়ে চাপে ভারত

বিরাটের অর্ধশতরান করে অাউট, ৩ উইকেট হারিয়ে চাপে ভারত

Share This


জোহানেসবার্গ  : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশনে অর্ধশতরান করার পরেই আউট হয়ে গেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি (৫৪)। ভাল পারফরম্যান্স দেখালেও ফের লুঙ্গি এনগিডির শিকার হলেন ভারতের অধিনায়ক। ৯৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে ভারতীয় দল। এখন ক্রিজে চেতেশ্বর পূজারা (২১) ও অজিঙ্ক রাহানে (০)। এই দুই ব্যাটসম্যানই ভারতীয় দলের ভরসা। পূজারা ধৈর্য ধরে ক্রিজে টিকে আছেন। রাহানে প্রথম দু’টি টেস্টে খেলার সুযোগ পাননি। বিভিন্ন মহল থেকে তাঁকে দলে নেওয়ার দাবি উঠছিল। অবশেষে তাঁকে সুযোগ দিয়েছেন বিরাট। এবার রাহানের নিজেকে প্রমাণ করার পালা।

বুধবার ওয়ান্ডারার্সের প্রাণবন্ত পিচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। ভারতীয় দলে দু’টি পরিবর্তন হয়েছে। রোহিত শর্মার জায়গায় দলে এসেছেন রাহানে এবং রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় দলে ফিরলেন পেসার ভুবনেশ্বর কুমার। এই প্রথম কোনও স্পিনার না নিয়েই মাঠে নেমেছে ভারত। শুরুতেই ভেরনন ফিল্যান্ডারের বলে আউট হন লোকেশ রাহুল। দলের সাত রানে প্রথম উইকেটের পতন হয়। রাহুল খাতা খুলতে পারেননি। ১৩ রানে দ্বিতীয় উইকেটের পতন ভারতের। ৮ রান করে কাগিসো রাবাদার বলে আউট হন অন্য ওপেনার মুরলী বিজয়। তবে এরপর বিরাট ও পূজারা পরিস্থিতি কিছুটা সামাল দেন। এবার রাহানেকে সঙ্গে নিয়ে দলের রান বাড়ানোর চেষ্টা করছেন পূজারা।

কোন মন্তব্য নেই: