দুর্ঘটনার মোকাবিলা করার সময় নেই পুলিশের : রাহুল - Aaj Bikel
দুর্ঘটনার মোকাবিলা করার সময় নেই পুলিশের : রাহুল

দুর্ঘটনার মোকাবিলা করার সময় নেই পুলিশের : রাহুল

Share This

কলকাতা : ‘পুলিশ এখন তৃণমূলকে বাঁচাতে ব্যস্ত । এই জাতীয় দুর্ঘটনার মোকাবিলা করার সময় নেই পুলিশের’ । সোমবার মুর্শিদাবাদের বাস দুর্ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বলেন বিজেপি-র কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক রাহুল সিনহা । সোমবার সকালে, মুর্শিদাবাদের দৌলতাবাসে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাস । স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পরপরই খবর দেওয়া হয় পুলিশে । কিন্তু, পুলিশ আসতে অনেক দেরি করে । এরপর পুলিশ এলে গাড়িতে ভাঙচুর চালানো হয় । উত্তেজিত জনতাকে থামাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । স্থানীয়দের সুরে সুর মিলিয়ে রাহুল সিনহা বলেন, ‘গ্রামবাসীরা যে অভিযোগ করছে সেটা সত্য । মৃতের পরিবারের প্রতি আমরা সহানুভূতিশীল । সমবেদনা জানাই । দোষীদের উপযুক্ত শাস্তি চাই । আসলে পুলিশ রাজনৈতিক কাজে ব্যস্ত । সেই কারণে নিজেদের কাজ তারা করছে না’ ।

তাঁর ধারনা, ‘রাজ্য সরকার অ্যাক্টিভ হয় সাম্প্রদায়িক কোনও ঘটনা ঘটলে । কোথায় রাজস্থানে কে মারা গেছে তখন সব মন্ত্রী একসঙ্গে মালদা চলে গেলেন । সাধারণ মানুষ বিপদে পড়লে রাজ্য সরকারের ঘুম ভাঙে না । এটাই তৃণমূল সরকারের রীতি রেওয়াজ’ ।

অন্যদিকে, বাস দুর্ঘটনা প্রসঙ্গে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘দুর্ঘটনা তো হয়েই যাচ্ছে । চালক, প্রশাসন সবার সহযোগিতা ও সতর্কতা দরকার আছে । ভয়ংকর ভাবে বাসটা নিচে পড়েছে । কিছু তো অসতর্কতা আছেই । একটু কড়াকড়ি দরকার আছে পুলিশ প্রশাসনের । বহু জীবনহানি হচ্ছে । এটা কমাতেই হবে’ ।

সোমবারই আমরি হাসপাতাল থেকে ছাড়া পান দিলীপ ঘোষ । এদিন তিনি বলেন, ‘প্রথম প্রথম হাঁটতে একটু কষ্ট হচ্ছিল । এখন দিব্যি হাঁটতে পারছি । একটু পা-টা টলমল করছে । দু'সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা । চিকিৎসকদের কথা অনুযায়ী কাজ করব’ । যদিও দিলীপ ঘোষকে ২ দিন আগে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল । কিন্তু, বিজেপি নেতৃত্বের অনুরোধে আরও ২ দিন হাসপাতালে থেকে যান তিনি । পুরোপুরি সুস্থ হয়েই আজ সকালে বাড়ি ফিরেছেন ।

কোন মন্তব্য নেই: