কলকাতা : মাত্র কয়েকঘণ্টা পরেই দেশজুড়ে মুক্তি পাবে ‘পদ্মাবত’৷ ছবিটি যাতে নির্বিঘ্নে দেখতে পারে দর্শক, তার নিরাপত্তায় মুড়ে ফেলা হবে গোটা শহরের প্রতিটি সিনেমাহল৷ লালবাজার সূত্রে এখবর জানা গিয়েছে৷ বুধবার থ্রি-ডিতে মুক্তি পেয়েছে ‘পদ্মাবত’৷ বৃহস্পতিবার দেশজুড়ে মুক্তি পাবে ‘পদ্মাবত’৷ তার আগে কলকাতায় মাল্টিপ্লেক্স স্ক্রিনগুলিতে বসানো হয়েছে পুলিশ প্রহরা৷ এদিন থেকেই নিরাপত্তা ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে৷ কোয়েস্ট মল, লেক মল, অ্যাক্রেপলিসের মত জায়গায় জারি হয়েছে আগাম সতর্কতা৷ সিনেমাহলের বাইরে মোতায়েন হয়েছে পুলিশ৷ আগামীকাল বৃহস্পতিবার থেকে পাকাপাকিভাবে পুলিশ পোস্টিংয়ের বন্দোবস্ত করা হবে৷
আইন যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, তার জন্য সিনেমাহলের মধ্যেও থাকবে সাদা পোশাকের পুলিশ৷ সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে কলকাতার ২০টি সিনেমাহলে পুলিশ মোতায়েন করা হবে বলে লালবাজারের তরফে জানানো হয়েছে৷ সেই সঙ্গে প্রত্যেক থানাকে নির্দেশ দেওয়া হয়েছে এলাকায় যেকটি সিনেমাহল রয়েছে, সেখানে যেন পুলিশ মোতায়েন করা হয়৷ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে হবে পুলিশকেই৷
এদিন লালবাজার থেকে পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সুপ্রতীম সরকার বলেছেন, “সিনেমাহলে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে৷ কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না৷” মেবারের রানি পদ্মিনীর জহরব্রত নিয়ে ছবিটি তৈরি করেছেন সঞ্জয় লীলা বনশালি৷ রানি পদ্মিনীকে নিয়ে ছবি তৈরি করায় ক্ষুব্ধ হয় করনি সেনা৷ তারা হুমকি দেয়, যদি ছবিটি মুক্তি পায়, তবে ফল খুব একটা ভাল হবে না৷ বুধবার তো তারা এও জানায়, বৃহস্পতিবার যদি মুক্তি পায় পদ্মাবত, তবে ১০০ জন রমণী জহরব্রত পালন করবেন৷ গোটা দেশ এখন পদ্মাবত নিয়ে দোলাচালে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ছবি মুক্ত করতে হবে৷ অথচ করনি সেনার রোষ থেকেও বাঁচতে হবে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য প্রথম থেকেই পদ্মবত মুক্তির পক্ষে৷ ছবিটি যাতে সিনেমাহলগুলিতে দেখানো যায়, তার জন্য সবরকম চেষ্টা করা হবে বলে জানিয়েছিলেন তিনি৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন