আগরতলা : বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষণার বিষয়টি দুদিন পিছিয়ে গেল। সংসদীয় বোর্ডের বৈঠক ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তার পরই দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
দিল্লি থেকে আগরতলায় ফিরে এসেছেন রাজ্যের বিজেপি সভাপতি বিপ্লবকুমার দেব। বুধবার রাতে বিপ্লবকুমার দেব হিন্দুস্থান সমাচার-কে জানিয়েছেন, আগামী ২৭ জানুয়ারি সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর অনুপস্থিতির কারণে পার্লামেন্টারি বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হতে পারেনি। আগামী ২৭ জানুয়ারি সন্ধ্যা ৬টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। আর এই বৈঠকে ত্রিপুরা-সহ উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি-র প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে।
বিপ্লবকুমার দেব জানিয়েছেন, প্রার্থী তালিকায় সমাজের সব অংশের প্রতিনিধিত্ব থাকবে। একই সঙ্গে বেশ কয়েকজন বিশিষ্ট, অতিবিশিষ্ট ব্যক্তিদের নামও থাকবে। মোটামুটিভাবে যাঁরা প্রার্থী হচ্ছেন তাঁদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানিয়েও দেওয়া হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, বিজেপি-র প্রার্থী তালিকায় সকলেই হবেন স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন এবং কঠোর পরিশ্রমী। যুবাদেরই আধিপত্য থাকবে প্রার্থী তালিকায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন