হাইলাকান্দি : জাতীয় শিশুকন্যা দিবসে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে রোখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে হাইলাকান্দিতে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন বক্তা শিশুকন্যাদের হেয় চোখে দেখার প্রথা আজও সমাজে চালু রয়েছে বলে উল্লেখ করে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে।
আজকের দিনে সমাজে বিরাজিত নারী-পুরুষের বৈষম্যের মূলে একাংশ মানুষের ভ্রান্ত ধারণাকেই দায়ী করেছেন বক্তাগণ। জাতীয় শিশুকন্যা দিবসে বর্তমানের আধুনিক সময়ে লিঙ্গ বৈষম্য এক সামাজিক ব্যাধি বলে বলে তাঁরা এর নিন্দা জানান।
বুধবার জাতীয় শিশুকন্যা দিবস উপলক্ষে হাইলাকান্দির উদীচী প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে শিশুকন্যারা নানাভাবে উপেক্ষিত বলে বিশিষ্ট নাগরিকরা হতাশা ব্যক্ত করেছেন। জাতীয় শিশুকন্যা দিবস উপলক্ষে জেলা শিশুসুরক্ষা শাখার উদ্যোগে এবং রাজ্যের শিশু সুরক্ষা সমিতির সহযোগিতায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে হাইলাকান্দির শিশুকল্যাণ আধিকারিক জিতুল বরা বলেন, শিশুকন্যারা সমাজে উপেক্ষিত হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে পরিবারের মানুষের ভুল ধারণা। আজকের দিনেও কন্যার চাইতে পুত্রকে সমাজে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ রয়েছে বলে উল্লেখ করে তিনি খেদ প্রকাশ করেন। তবে আজকাল লিঙ্গ বৈষম্যের হার অনেকটা কমে এসেছে বলে দাবি করেন তিনি। মা বাবাদের মধ্যে সচেতনতা বাড়লে এই হার আরও কমে আসবে বলে আশা ব্যক্ত করেছেন বরা। অতীতের তুলনায় বর্তমান সময়ে নারীরা অনেক বেশি স্বাবলম্বী বলে শিশু সুরক্ষা আধিকারিক জিতুলবাবু সন্তোষ ব্যক্ত করেন।
হাইলাকান্দি জেলা শিশুকল্যাণ সমিতির চেয়ারম্যান প্রীতিকণা পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার অন্য বক্তা হাইলাকান্দি পুলিশের ডিএসপি নয়নমণি বর্মন তাঁর বক্তব্যে শিক্ষিত সমাজের মানুষের মধ্যেও নারী-পুরুষ ভেদাভেদকে সামাজিক অপরাধ বলে অভিহিত করেন। মানসিকতার পরিবর্তন ঘটিয়ে সমাজে মেয়েদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।
সভার সভাপতি প্রীতিকণা পাল অত্যন্ত কড়া ভাষায় বলেন, বিভিন্ন দিবস পালন করে সামাজিক পরিবর্তন আনা সম্ভব নয়। মানসিকতা পরিবর্তনের জন্য বাস্তবে কাজ করতে হবে বলে তিন উল্লেখ করেন। পাল আরও বলেন, জাতীয় শিশুকন্যা দিবসের মতো বিভিন্ন দিবস পালন করেলেও কোনও লাভ হবে না যতক্ষণ না-এ ধরনের দিবসের বাস্তবিকতা উপলব্ধি করা যাবে। অভিভাবকদের নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি তাদের কন্যা সন্তানদের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে তাদেরকে স্বাবলম্বি করার আহ্বান জানান তিনি। একইভাবে অন্যান্য বক্তাগণও লিঙ্গ বৈসম্যের তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের অপরাধের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার আর্জি রাখেন।
সভায় অন্যদের মধ্যে আইনজীবী রক্সানা বেগম, শিক্ষাবিদ অনুপা দাম, সমাজকল্যাণ বিভাগের সিডিপিও বিকে বরা, হাইলাকান্দি জেলা শিশুকল্যাণ সমিতির সদস্য সুভাষ নাথমজুমদার, ফখরুল ইসলাম, কবীর আহামেদ প্রমুখ শিশুকন্যা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য পেশ করেছেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানের শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য পেশ করেন শিশু আধকারিক গুলজার আহমেদ লস্কর। এর পর শিশুকন্যার জীবন অবলম্বনে রচিত কয়েকটি পথনাটিকা উপস্থাপন করেন শিশুকল্যাণ সমতির সদস্যরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন