জয়পুর : রাজস্থানের আলোয়ার ও অাজমের লোকসভা এবং মণ্ডলগড় বিধানসভা উপনির্বাচনে জয় পেল কংগ্রেস।
আলোয়ারে লক্ষাধিক ভোটে জয় পেয়েছেন কংগ্রেস প্রার্থী কল্যাণ সিং যাদব। মণ্ডলগড় বিধানসভা উপনির্বাচনে ১২,৯৭৬ ভোটে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী বিবেক ধাকড়। আজমেরেও জয় নিশ্চিত কংগ্রেস প্রার্থী রঘু শর্মার।
কংগ্রেস নেতা শচীন পাইলট বলেন, "রাজস্থানের মানুষ বসুন্ধরা রাজে এবং তাঁর সরকারকে প্রত্যাখ্যান করেছে।" এই ফলাফল আগামী বিধানসভা এবং লোকসভা নির্বাচনকেও প্রভাবিত করবে বলে মনে করছে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের জয়ে রাজস্থান প্রদেশ কংগ্রেস দফতরের সামনে উল্লাসে মেতেছেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। রাজ্যের অন্যান্য জায়গাতেও চলছে বিজয়োৎসব।
রাজস্থানের আলোয়ার ও আজমের লোকসভা এবং মণ্ডলগড় বিধানসভায় উপনির্বাচন হয়েছিল ২৯ জানুয়ারি। এর আগে তিনটি আসনই ছিল বিজেপির দখলে। চলতি বছরের শেষেই বিধানসভা নির্বাচন রয়েছে রাজস্থানে। তার আগে এই নির্বাচনের ফলাফল অনেকটাই গুরুত্বপূর্ণ বসুন্ধরা রাজের জন্য। বিধানসভা ভোটের কয়েক মাস আগে এই জয়ে উচ্ছসিত কংগ্রেস নেতৃত্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন