আগরতলা : ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের আটকাতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা পুনরায় সংশোধন সম্ভব না হলেও এমন কিছু পন্থা নেওয়া হয়েছে যার মাধ্যমে নির্বাচন সুষ্ঠু এবং প্রভাবমুক্ত রাখা সম্ভব হবে।
রাজ্য নির্বাচন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রচুর সংখ্যক অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলি খতিয়ে দেখে নিষ্পত্তি করা হচ্ছে। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে যাওয়ার পর ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া সম্ভব না হলেও তাদের চিহ্নিত করা হচ্ছে এবং সে অনুযায়ী বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে এই নাম গুলি সুযোগ নিয়ে কেউ ভোট দিতে না পারে এবং নির্বাচনকে প্রভাবিত করতে না পারে।
এই আধিকারিক জানিয়েছেন, সংশ্লিষ্ট বিষয় গুলিতে রিটার্নিং অফিসাররা মুখ্য ভূমিকা পালন করবেন। ভোটার তালিকায় হদিশ না পাওয়া কোন ব্যক্তির নাম থাকলে ভোটার তালিকায় এই নামের পাশে 'এ' লিখে দেওয়া হবে। অর্থাৎ এবসেন্ট। অনুরূপভাবে ভোটার তালিকা থেকে নাম অন্যত্র সরিয়ে নিলে সেখানে 'এস' লিখে দেওয়া হবে, অর্থাৎ শিফটেড। আর মৃত হিসাবে চিহ্নিত ভোটারের নামের পাশে ডি লেখা থাকবে, অর্থাৎ ডেথ।
তিনি অারও জানান, এই ভোটাররা ভোট কেন্দ্রে এলে তাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। আধিকারিকরা সেখানে উপস্থিত থাকবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে ঐ ভোটারদের উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হবে। যথোপযুক্ত তথ্য প্রমাণ পেলেই তাদের ভোট দিতে দেওয়া হবে।
উল্লেখ করা যেতে পারে, সারা রাজ্যে প্রচুর সংখ্যক ভুয়ো ভোটারের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল গুলির তরফেই ভুয়ো ভোটারের অভিযোগ উত্থাপন করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন