আগরতলা : রাজ পরিবারের বিরুদ্ধে আক্রমণাত্মক হলেন রাজ্যের সিপিআইএম নেতারা। খোদ মুখ্যমন্ত্রী এবার তোপ দাগলেন রাজ পরিবারের বিরুদ্ধে।
ত্রিপুরার বর্তমান মহারাজ প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মণ সম্প্রতি বিজেপির সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়িয়েছেন বলে খবর প্রচারিত হয়েছে। শুধু তাই নয় বিজেপির নেতারা তার সঙ্গে প্রাসাদে গিয়ে সাক্ষাত করেন। পরবর্তী পর্যায়ে মহারাজা টুইট করে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান।
উপজাতিদের অনগ্রসরতার জন্য তিনি বামফ্রন্ট সরকার কেই দায়ী করে। সংশ্লিষ্ট বিষয়গুলি ঘিরে প্রচার যখন তুঙ্গে তখন সিপিআইএম রাজ পরিবারের বিরুদ্ধে সোচ্চার হল। যদিও আগে থেকেই সিপিআইএম বরাবর রাজপরিবারের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে এবং রাজ পরিবারের বিরুদ্ধে তাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। কিন্তু নির্বাচনী প্রচারাভিযানে এবার সিপিআইএম রাজ পরিবারকে উদ্দেশ্য করে তাদের আক্রমণ তীব্র করেছে।
সিপিআইএমের প্রায় প্রত্যেকটি জনসভাতেই রাজ পরিবারের বিরুদ্ধে তাদের উষ্মা প্রকাশ করেছেন পার্টির নেতারা। উপজাতি জনপদ গুলিতে এনিয়ে জোর বিতর্কও শুরু হয়েছে।
গোলাঘাটিতে মুখ্যমন্ত্রী মানিক সরকার এক নির্বাচনী জনসভায় বলেন, ত্রিপুরায় ১৮৪ জন রাজার ইতিহাস পাওয়া যায়। কিন্তু তারা রাজ্যের উন্নয়নে কিছুই করেননি। রাজ পরিবার শুধু শোষণ করেছে। উপজাতিদের অনগ্রসরতার মূল কারণ এরাই। রাজতন্ত্রের অবসানের পর কংগ্রেসের শাসনেও উপজাতিদের কোন উন্নতি হয়নি। বামফ্রন্ট ক্ষমতায় আসার পরই উপজাতিদের উন্নয়নে কার্যকরী ভূমিকা নেওয়া হয়েছে।
উল্লেখ করা যেতে পারে দেশে ব্রিটিশের রাজত্বকালে ত্রিপুরা স্বাধীন রাজ্য ছিল। দেশ স্বাধীন হওয়ার পর ত্রিপুরার ভারত ভুক্তি হয়। আর এর পর ত্রিপুরার রাজপরিবারের সদস্যরা নির্বাচনে অংশ নিয়ে বিভিন্ন সময় সংসদেও গেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন