দিশা দেখাতে পারল না কেন্দ্রের বাজেট, দাবি নকশালদের - Aaj Bikel
দিশা দেখাতে পারল না কেন্দ্রের বাজেট, দাবি নকশালদের

দিশা দেখাতে পারল না কেন্দ্রের বাজেট, দাবি নকশালদের

Share This


কলকাতা  :  ক্রমান্বয়ে কৃষক আত্মহত্যা ও চরম বেকারী নিয়ন্ত্রণের কোনও পথ দেখাতে পারল না কেন্দ্রের এই বাজেট | বৃহস্পতিবার কেন্দ্রীয় বাজেট পেশের পর এই মন্তব্য করেন সিপিআই (এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ | তিনি ‘হিন্দুস্থান সমাচার’-কে বলেন, “কর্মসংস্থান নিয়ে অর্থমন্ত্রী চিদাম্বরমের দাবি যদি মেনে নিতে হয়, তাহলে ভিক্ষাবৃত্তিও কর্মসংস্থান |”

পার্থ ঘোষ বলেন, “এমন নয় কৃষক আত্মহত্যা এই আমলেই হচ্ছে| আগের আমলেও এটা ছিল| কিন্তু বিজেপি আশ্বাস দিয়েছিল, এই অবস্থার উন্নতি করবে| বাজেটে এবারেও তার কোনও দিশা নেই| ঋণ মুকুব না করলে এই অবস্থার উন্নতি হবে না|” কিন্তু কোনও সুস্থ অর্থনীতি কি আদৌ কৃষকদের ঋণ মুকুবের প্রস্তাব সমর্থন করবে? সেটা কি সম্ভব? এর জবাবে পার্থবাবু বলেন, “কীভাবে সম্পন্ন ঋণ খেলাপিরা রাজকোষ থেকে বিপুল পরিমাণ অর্থ নয়ছয় করছে? সেই ঋণের টাকা আদায় না করে গরিব চাষীদের এভাবে আত্মহননের পথে ঠেলে দেওয়ার যুক্তি কোথায়? আর, কৃষকদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ফসল না কিনলে এবং তার ন্যুনতম দাম সরকার না মেটালে চাষী ঋণ শোধ করবেন কীভাবে?”

সিপিআই (এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক এ দিন আরও বলেন, “চাষীরা বাইরে থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছে| কিছু দালাল এই কাজে যুক্ত| কিছু ব্যাংক-কর্তা ও রাজনীতিকদের সহযোগিতায় এই কাজ চলছে| এ সব বন্ধ করার কোনও দিশা নেই বাজেটে| কৃষকরা তাঁদের উত্পাদনের মাত্র ৬ শতাংশ সরকারের কাছে বিক্রি করতে পেরেছে| বাকিটা তারা অভাবে বিক্রি করতে বাধ্য হচ্ছে| যে দামে সরকার তাদের ফসল কিনছে, তা দেড় গুন বাড়ানোর আশ্বাস দিয়েছিল সরকার| তার বাস্তবায়নের ছিটেফোঁটাও নেই এই বাজেটে|”

কোন মন্তব্য নেই: