কলকাতা : কলকাতা বিশ্ববিদ্যালয়ের নয়া মূল্যায়ন পদ্ধতি খতিয়ে দেখতে ৬ ফেব্রুয়ারি সিন্ডিকেট বৈঠক হবে| নয়া পদ্ধতি চালু হওয়ায় এবার বিএ জেনারেলে পাসের হার ব্যাপক খারাপ হয়েছে | এ নিয়ে হইচই হয় বিভিন্ন মহলে| বিষয়টি গড়ায় মুখ্যমন্ত্রীর আলোচনার স্তরে| পাস করতে না পারা নিউ আলিপুর কলেজের বিএসসিতে প্রথম বর্ষের ছাত্রী পর্ণা দত্তর অস্বাভাবিক মৃত্যু হয়। রেজাল্ট জানতে বেড়িয়ে পরে বাড়ি ফিরে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হন বলে দাবি পরিবারের। আত্মহত্যার এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নের নয়া পদ্ধতিতে বড়সড় ধাক্কা বলে মনে করছেন শিক্ষাবিদরা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাদাভাবে দেখা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহ- উপাচার্য |
অভিযোগ উঠছে, নয়া পরীক্ষা পদ্ধতি নিয়ে বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সমন্বয়ের অভাব। আর তার জেরেই ব্যাপক হারে ফেল। স্বাভাবিক ভাবেই কাঠগড়ায় এই নয়া পদ্ধতি। নয়া বিধি চালু না হলে পাসের হার অনেকক্ষেত্রেই বাড়ত বলে মনে হচ্ছে। নয়া নিয়ম কার্যকর না হলে বিএ জেনারেলে পাসের হার ৫০ শতাংশ হত | বি অনার্সে পাসের হার বাড়ত ১৮ শতাংশ | বিএসসি অনার্সে পাসের হার বাড়ত ১৩ শতাংশ| বিএসসি জেনারেলে পাসের হার বাড়ত ২০ শতাংশ | পড়াশোনার মান নিয়ে বিতর্ক তুলে দিয়েছে নয়া পরীক্ষা বিধির ফলাফলও।
বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী বলে, “আমি আশাবাদী | সিন্ডিকেট বৈঠকে একটা সমাধান সূত্র মিলবে|” একই সঙ্গে সাপ্লিমেনটারির সম্ভাবনাও উড়িয়ে দেননি শিক্ষামন্ত্রী | তিনি বলেন, ‘‘ছাত্রছাত্রীদের বিষয়টি খতিয়ে দেখা হবে, সব দেখেই সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় |”
সূত্রের খবর, নয়া মূল্যায়ন পদ্ধতি নিয়ে গোড়ায় গলদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের। পরীক্ষা শুরুর মাত্র চার মাস আগে কার্যকর করা হয় এই পদ্ধতি। তা নিয়ে সিন্ডিকেট বৈঠকেও আলোচনা হয়নি। এমনকী জানানো হয়নি উপাচার্যকেও। সিন্ডিকেট বৈঠকে পার্ট ওয়ানের ফল নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাতে আন্দোলনে আপাতত ছেদ টেনেছেন পড়ুয়ারা। পরিস্থিতি যা, তাতে মূল্যায়ন পদ্ধতিতে বেশ কিছু বদল আনা হতে পারে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে পার্ট ওয়ানের ফলাফল এত খারাপ কেন? কোথা থেকেই বা এই নয়া মূল্যায়ন বিধির সূত্রপাত? প্রশ্নের উত্তরে উঠে এসেছে বিস্ফোরক নানা তথ্য।
এবার পাস কোর্সে ইতিহাস পরীক্ষা দেয় ২০ হাজার ৭২০ জন | পাস করেছে মাত্র ৩ হাজার ৬৭৮ | রাষ্ট্রবিজ্ঞানে ১৭ হাজার ৬৮১ পরীক্ষা দেয়| পাস করে মাত্র ১ হাজার ১৮৫| দর্শনে পরীক্ষা দেয় ৮ হাজার ৩৭৭ জন | পাস করে মাত্র ৩৮৯ | এডুকেশনে পরীক্ষা দেয় ১৪ হাজার ১৪৪ | পাস করে ২ হাজার ১৯০, কেবল কলাবিভাগই নয়, বিজ্ঞানের বিষয়গুলিতেও ধরা পড়েছে একই ছবি। একদিকে নয়া পরীক্ষা বিধি, অন্যদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন। দুইয়ের গেরোয় আটকে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন