আগরতলা : ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য প্রদত্ত মনোনয়নপত্র পরীক্ষা করে দেখার কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার। রাজ্যের ৬০টি আসনে ৩২০ জন প্রত্যাশীর মোট ৬৮৮টি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে মনোনয়নপত্র পরীক্ষা করে দেখার কাজ শুরু হয়েছে। রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের জন্য মোট ৩২০ জন ভোট প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন কয়েকটি গুচ্ছ করে৷ কেউ কেউ দুই থেকে তিনটি সেটে তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বুধবার ১৮৫ জন প্রত্যাশী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ শেষ দিনে বিজেপি প্রার্থীরা জমা দিয়েছেন ১৪০টি মনোনয়নপত্র৷
তবে সিপিআইএম-এর পূর্বঘোষিত প্রার্থীকে বাদ দিয়ে খোয়াইয়ে মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্ট প্রার্থী নির্মল বিশ্বাস৷ শুক্রবার ৪৬ জন কংগ্রেস এবং নয়জন আইপিএফটি প্রার্থী এদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ ফলে রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে কয়েকটি সেটে মোট ৬৮৮টি মনোনয়নপত্র জমা পড়েছে৷ এগুলো বৃহস্পতিবার থেকে পরীক্ষা করে দেখার কাজ শুরু হয়েছে৷
উল্লেখ করা যেতে পারে, ২৪ জানুয়ারি জারি করা হয়েছিল বিধানসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি। এর মধ্য দিয়ে শুরু হয় মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া ৷ মনোনয়ন জমা দেওয়া হয়েছে কার্যত পাঁচদিন ৷ কারণ মাঝে তিনদিন সরকারি অফিস বন্ধ ছিল ৷ ৩১ জানুয়ারি ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৷
কংগ্রেসের তরফে ৬০টি আসনে ১৩৮টি মনোনয়ন জমা দেওয়া হয়েছে ৷ এছাড়া আইপিএফটির ১২জন প্রার্থীর মোট ১৫টি, আমরা বাঙালির ২৩টি কেন্দ্রের ২৩ জন, সিপিআই, ফরোয়ার্ড ব্লক, আরএসপি-র একটি করে আসনে একজন করে প্রার্থী রয়েছেন৷ সিপিআইএম ৫৭টি আসনে ৫৭জন প্রার্থী ১৮৭টি মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ সিপিআই(এমএল) থেকে ৫টি আসনে ১০টি মনোনয়ন, তৃণমূল কংগ্রেস ২৫টি আসনে ৩৭টি মনোনয়ন, এসইউসিআই ৬টি আসনে ১০টি মনোনয়ন, টিএসপি নয়টি আসনে নয়জন প্রার্থী, এনইআইডিপি-র তিনজন মনোনয়ন জমা দিয়েছেন৷
উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে এদিন বিশালগড়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীররঞ্জন বর্মন৷ বৃহস্পতিবার মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা পর আগামীকাল থেকে দুদিন সময় থাকবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য। শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন