আরও কাছাকাছি সোনিয়া-মমতা! তাহলে কী লোকসভায়... - Aaj Bikel
আরও কাছাকাছি সোনিয়া-মমতা! তাহলে কী লোকসভায়...

আরও কাছাকাছি সোনিয়া-মমতা! তাহলে কী লোকসভায়...

Share This

কলকাতা: বৃহস্পতিবার বাজেট অধিবেশ শেষ করে উলুবেড়িয়া ও নোয়াপাড়ায় তৃণমূলের জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন কংগ্রেস সুপ্রিম সোনিয়া গান্ধী৷ আজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন, ‘সোনিয়া গান্ধী ফোন করেছিলেন৷ ২ কেন্দ্রে জয়, মা-মাটি-মানুষের জয়৷ আমিও সোনিয়াজিকে রাজস্থানে ফলের জন্য শুভেচ্ছা জানিয়েছি৷ ২০১৯-এ বিজেপি আর থাকবে না৷’


সূত্রের খবর, মোদী বিরোধী গোষ্ঠী তৈরির বৈঠক ডাকার আগেই মমতা ব্যানার্জির কাছে সময় চেয়েছিলেন সনিয়া গান্ধী৷ বৈঠকে মমতার উপস্থিতিও চেয়েছিলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন৷ প্রয়োজনে আজ ১ ফেব্রুয়ারি পরিবর্তে অন্য কোনও দিন বৈঠক ডাকতেও তৈরি ছিলেন সনিয়া৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে জানানো হয়, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যেই ব্যস্ত থাকবেন তিনি৷ তৃণমূলের তরফে ডেরেক ও'ব্রায়েনকে বৈঠকে পাঠানোর কথা জানানো হয়৷ ফলে ১ ফেব্রুয়ারিতেই বৈঠকের সিদ্ধান্ত নেন সোনিয়া গান্ধী৷ বৃহস্পতিবার ডেরেক ও'ব্রায়েনের সেই বৈঠকে উপস্থিত থাকার কথা৷

তৃণমূলের জাতীয় মুখপত্র ডেরেক ও'ব্রায়েন অবশ্য বলছেন, বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে তৃণমূলের ওপরেই ভরসা করছেন অন্য দলের নেতারা৷ এদিকে, এবার ২০১৯-তে বিহার লোকসভায় লড়তে চায় তৃণমূল৷ ২৪ ফেব্রুয়ারি পটনায় তৃণমূলের কর্মিসভা৷ তারই প্রস্তুতিতে যাবেন সুব্রত বক্সি, অর্জুন সিং, জিতেন্দ্র তিওয়ারিরা৷

কয়েক মাস বাদেই পঞ্চায়েত নির্বাচন৷ তার ঠিক আগে দুটি কেন্দ্রের উপনির্বাচনেই বড় জয় পেল তৃণমূল৷ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র এবারও তারা ধরে রাখল৷ উপরি পাওনা, গতবার বামেদের সমর্থনে কংগ্রেসের জেতা বিধানসভা আসন, নোয়াপাড়া৷

২০১৬ সালের বিধানসভা ভোটে, দক্ষিণবঙ্গে হাতে গোনা যে কয়েকটি আসনে তৃণমূল হেরেছিল, তার মধ্যে অন্যতম উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া৷ ২ বছরের মাথায় হওয়া উপনির্বাচনে সেই আসনেই বড় ব্যবধানে জয় পেল তৃণমূল৷ ৬৩ হাজার ১৮ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী৷ তৃণমূলের সুনীল সিংহর প্রাপ্ত ভোট ১ লক্ষ ১ হাজার ৭২৯। ২০১৬ সালের বিধানসভা ভোটে এই নোয়াপাড়াতেই তৃণমূলের মঞ্জু বসু পেয়েছিলেন, ৭৮ হাজার ৪৫৩ ভোট৷ অকাল ভোট হয়েছিল উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রেও। সেখানেও বিপুল ব্যবধানে জয় পেল তৃণমূল৷ প্রয়াত সাংসদ সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ জয়ী হয়েছেন ৪ লক্ষ ৭৪ হাজার ৫১০ ভোটে৷ সাজদা আহমেদ পেয়েছেন ৭ লক্ষ ৬৭ হাজার ৫৫৬ ভোট৷ ২১০৪ সালে সুলতান আহমেদ পেয়েছিলেন ৫ লক্ষ ৭০ হাজার ৭৮৫ ভোট৷ ভোট শতাংশের নিরিখেও প্রয়াত স্বামীকে ছাপিয়ে গিয়েছেন স্ত্রী৷

কোন মন্তব্য নেই: