নয়াদিল্লি: বৃহস্পতিবার কেন্দ্রের বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনা অব্যাহত৷ এদিন অর্থ মন্ত্রী অরুণ জেটলির বাজেট পেশের পর কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলগুলি তাদের নিজেদের মত করে কেন্দ্রের সমালোচনা শুরু করে দিয়েছে৷ সেই বিরোধিতায় বাদ যায়নি দিল্লির শাসক দল আদমী পার্টি৷
এদিন বাজেট নিয়ে আম আদমী পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল তার ট্যুইট বার্তায় কেন্দ্রের সমালোচনা করেছেন৷ এদিন ট্যুইট করে, আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরীওয়াল ট্যুইট করে বলেছেন, ‘আমি আশা করেছিলাম দেশের রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো বিষয়ক প্রকল্পে আর্থিক সহায়তা করবে কেন্দ্র৷ কিন্তু দিল্লির প্রতি বিমাতৃসুলভ আচরণ চালিয়ে যাচ্ছে কেন্দ্র৷ এটা দেখে আমি হতাশ৷’
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়াও বাজেটের সমালোচনা করে বলেছেন, ‘এই বাজেটে অত্যন্ত হতাশ হয়েছি৷ ২০০১-০২ থেকে এখনও পর্যন্ত কেন্দ্রীয় করে দিল্লির প্রাপ্য বাড়ানো হয়নি৷ এবারও দিল্লির জন্য মাত্র ৩২৫ কোটি টাকা করই রাখা হয়েছে৷ অন্য কোনও রাজ্যের সঙ্গে এই ধরনের আচরণ করা হয় না৷ দিল্লি পুলিশ কেন্দ্রের আওতায়৷ তা সত্ত্বেও মহিলাদের নিরাপত্তা এবং অপরাধ দমন করার জন্য কোনও পরিকল্পনার কথা জানানো হয়নি৷ দিল্লি দেশের অপরাধের রাজধানী হয়ে গিয়েছে৷’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন